স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন ও প্রচলিত বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। তবে এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার কাজ করবে।তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই সরকার ধাপে ধাপে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।”
এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।